ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জ লেকের সড়ক অস্থায়ী দোকানপাট গিলে ফেলেছে

শিল্প-বাণিজ্যিক অঞ্চল হিসেবে বেশ পরিচিত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। এখানে রয়েছে আদমজী ইপিজেডসহ একাধিক গার্মেন্টস ফ্যাক্টরি ও কলকারখানা। এ থানার অধীনে আরও রয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১'র সদর দপ্তর, পাওয়ার প্ল্যান্টসহ একাধিক স্কুল-কলেজ। যার কারণে এ জায়গায় জনসংখ্যার বসবাস তুলনামূলকভাবে বেশি।


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তথ্যমতে, সিদ্ধিরগঞ্জ থানায় জনসংখ্যা রয়েছে ২ লক্ষ্য ৫৬ হাজারেরও অধিক। তবে সিটি করপোরেশনের তালিকার বাহিরেও বহুসংখ্যক বেশি জনসংখ্যা বসবাস করে এখানে। পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য ফিরিয়ে আনার লক্ষ্যে রাজধানীর হাতিরঝিলের আদলে কাজ চলছে সিদ্ধিরগঞ্জ লেকের। যার ৭০ শতাংশের বেশি কাজও প্রায় শেষ। নানা কারণবশত ডিএনডি খালটি বিলুপ্ত হলেও নির্মল পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি গভর্নেন্স প্রকল্পের আওতায় ২০১৮-২০১৯ বছরে রাস্তা,ড্রেন ও খাল খননসহ কাজের প্রকল্প হাতে নেন। ২০১৯ সালে দুই ধাপে কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী।


সিদ্ধিরগঞ্জ লেকে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিবেশ রক্ষায় সিটি করপোরেশন লেকের কাজ করলেও লেকের অধিকাংশ সড়ক অংশ দখল করে রেখেছে হকাররা। অস্থায়ী দোকানপাট বসিয়ে লেকের সৌন্দর্য নষ্ট করছেন তারা। নিজের সুবিধামতো বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করে যাচ্ছেন তারা। এতে করে লেকের সুন্দর পরিবেশ সৃষ্টির আগেই হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এখানকার বাসিন্দারা।


নাসিক ১নং ওয়ার্ডের বাসিন্দা রুবেল হোসেন বলেন, আমরা আমাদের সিদ্ধিরগঞ্জকে হাতিরঝিলের চেয়েও সুন্দর দেখার আশায় ছিলাম। সিটি করপোরেশন কাজও করে যাচ্ছে দ্রুত তবে সিদ্ধিরগঞ্জ লেকের সৌন্দর্য আর রাখলো কই হকাররা? তারা সিদ্ধিরগঞ্জ পুল বাজার সংলগ্নের লেকের অংশটি দখল করে দোকানপাট বসিয়ে রেখেছেন। যার কারণে লেকের সৌন্দর্য নেই বললেই চলে।


শাফায়াত হোসেন নামের কদমতলি এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, একদিকে সিদ্ধিরগঞ্জ লেকের কাজ না করা বললেও চলে। ধীরগতিতে চলছে সিদ্ধিরগঞ্জ লেকের কাজ তার মধ্যে লেকের পাশে অস্থায়ী দোকানপাট বসিয়ে রেখেছে হকাররা। এতে কোনো মাথা ব্যথা নেই সিটি করপোরেশনের লোকের। তারা যদি ভালো করে দেখভাল করলে লেকের সৌন্দর্য আবারো ফিরবে বলে আমি মনে করি।


জানতে চাইলে এ বিষয়ে নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, লেকে অস্থায়ী দোকানপাট বসিয়ে এলাকার লোকজন ব্যবসা করে খায়। তারাও তো অসহায় মানুষ। আমরা খুব শিগগিরই এ বিষয়ে বসে সিদ্ধান্ত নিবো।


এ বিষয়ে নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান বলেন, অস্থায়ী দোকানপাট বসানোর কারণে আমি বহুবার উঠিয়ে দিয়েছি হকারদের। তারপরও হকাররা বসেন। আমাদের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে অস্থায়ী দোকানপাট বসিয়ে ডিএনডি লেকের সৌন্দর্য যাতে নষ্ট না হয়।


তিনি আরও বলেন,আমাদেরকে কদতমতলি এবং সিদ্ধিরগঞ্জ পুল বাজারের কিছু অংশে লেকের পরিবেশ নষ্ট করে যাচ্ছে অস্থায়ী হকাররা, আমি খুব দ্রুত ব্যবস্থা নেবো।


এ বিষয়ে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল আলম দৈনিক অধিকারকে বলেন, লেকের পাশে অস্থায়ী দোকানপাট বসিয়ে লেকের পরিবেশ নষ্ট করলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

ads
ads
ads

Our Facebook Page

↑